নেশার ঘোরে ছেলের অস্বাভাবিক আচরণ! হাত-পা বেঁধে ভ্যানে চাপিয়ে সোজা থানায় নিয়ে গেলেন অসহায় বাবা
নেশায় আসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ পরিবার। কখন কী করে বসবে, সেই আতঙ্কে দিন কাটছে বাড়ির লোকেদের। অভিযোগ, নেশা করতে না পারলেই অস্বাভাবিক আচরণ করছেন ২১-২২ বছরের ওই যুবক। তাঁকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত ছেলের হাত-পা বেঁধে ভ্যানে চাপিয়ে থানায় নিয়ে গেলেন বাবা। দুর্গাপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, ওই যুবকের নাম কানহাইয়া সাহ। তাঁর বাবা সুনীল সাহ পেশায় ভ্যানচালক। বাবার অভিযোগ, গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকে ছেলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। কী ধরনের নেশা করেছেন ছেলে, তা পরিবারের কেউ জানেন না। তবে নেশা না পেলে তিনি বাড়িতে থাকতে চাইছেন না। তাঁর আচরণে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা পরিবারের।ছেলেকে সুস্থ করতে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। কিন্তু সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্য দিকে, পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্যও নেই। ফলে ছেলের চিকিৎসা কী ভাবে করাবেন, তা বুঝে উঠতে পারছেন না সুনীল।শেষ পর্যন্ত ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তাঁকে হাত-পা বেঁধে ভ্যানে চাপিয়ে দুর্গাপুর থানায় নিয়ে যান বাবা। সুনীলের বক্তব্য, ছেলে যে কোনও সময় নিজের বা অন্য কারও ক্ষতি করে ফেলতে পারে। কোনও অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের উপর না আসে, সেই আবেদন জানাতেই তিনি থানায় এসেছেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সন্ধ্যা নামলেই শহরের বিভিন্ন জায়গায় নেশার আসর বসে। তাঁদের দাবি, দুর্গাপুরে নেশার কারবারও চলছে রমরমিয়ে। এই ঘটনার পর শহরে মাদক ও নেশার সামগ্রী বিক্রি নিয়ে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।প্রসঙ্গত, নতুন সরকার গঠনের পর থেকেই নেশামুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গায় নেশার বিরুদ্ধে সচেতনতা প্রচার এবং অভিযান চালাচ্ছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরেও নেশার কুফল নিয়ে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তার পরেও শহরে নেশার কারবার নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কমছে না। অসহায় বাবার এই ঘটনা ফের নেশার সমস্যা এবং চিকিৎসার সুযোগ নিয়ে প্রশ্ন তুলে দিল।

